সাজেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময়

পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর অবরোধকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এ সময় কয়েক সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

রাঙামাটির সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সাথে অবরোধকারীদের গুলি বিনিময় হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে।

সাজেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান

সাজেকের উজোবাজারে অবস্থারত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সকালে তিন হাজার পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সরে যায়নি। 

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবরোধকারীরা।

এক পর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়। পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর অবরোধকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এ সময় কয়েক সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পর্যটকদের কোনও ক্ষতি হয়নি বলে জানা যায়।

বৃহস্পতিবার সকাল থেকে সাজেকের বাঘাইহাটের শুকনাছড়াসহ সড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখন ব্যস্ত আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিস্তারিত জানাব। এছাড়া তাৎক্ষণিক প্রশাসনের কারোর বক্তব্য পাওয়া যায়নি। 

এর আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ‌্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী উল্লেখ করেন, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী বৃহস্প‌তিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হয়েছে।

ওইদিন বিকেলে বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত