পাবনায় ডিবির পৃথক অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

পাবনায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চারটি দেশি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে এবং বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে পাবনা সদর ও আমিনপুর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় বুধবার রাত ৮টার দিকে পাবনা সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায়। এ সময় দুটি দেশি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি বিদেশি .২২ বোরের রিভলবার, .২২ বোরের ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় চরঘোষপুরের মৃত আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২) এবং আমিনপুর থানার রানীনগরের হাশেম কাজীর ছেলে জনি কাজীকে (২৮)।

দ্বিতীয় অভিযানটি চালানো হয় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায়। এ সময় দুটি দেশি ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজসহ জলিল মণ্ডল (২৮) ও বাবলু মণ্ডলকে (২৬) গ্রেপ্তার করা হয়।

জলিল মণ্ডল রামনারায়ণপুর এলাকার মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। বাবলু মণ্ডল একই ইউনিয়নের মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের এক সহযোগী পালিয়ে যান।

ডিবির ওসি আব্দুস সালাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক অস্ত্র মামলা রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। পাবনা জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত