বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ডিজিটাল ব্যবস্থা সুরক্ষিত করতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। এরই মধ্যে এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকিংয়ের চেষ্টা লাখো ছাড়িয়ে মিলিয়নে পৌঁছেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। খবর ফ্রান্স ২৪।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠান ও সরকারগুলো যখন নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় আপডেট ইনস্টল করছিল, তখন সাইবার হামলার প্রচেষ্টাও দ্রুত বাড়তে থাকে।
এর আগে বুধবার ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সরকারি ও বেসরকারি ওয়েবসাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সময়ে ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো পিএইচপি সফটওয়্যার ব্যবহার করা নিজেদের সিস্টেম সুরক্ষিত করতে তৎপর হয়ে ওঠে।
টোকিও থেকে হেলসিঙ্কি পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যাংকিং, বিমান পরিবহন, রেল, কর এবং সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা দেখিয়ে দিয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো কতটা পিএইচপির ওপর নির্ভরশীল। পাশাপাশি, কোনো নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ্যে আসার পর দ্রুত তা সংশোধন করাও কতটা কঠিন, তা স্পষ্ট হয়েছে।
বৃহস্পতিবার জার্মানির কোলোনে মাইক্রোসফটের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন, 'আমি জানি, তথ্যপ্রযুক্তি ও নিরাপত্তা খাতের সবার জন্য দিনটি ছিল দীর্ঘ, রাতটিও ছিল দীর্ঘ। বহুদিনের মধ্যে এমন পরিস্থিতি আমি দেখিনি।'
তিনি বলেন, এ ঘটনা এমন ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছে, যেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা এবং নিরাপদ রাখা সম্ভব।
পিএইচপি ডেভেলপাররা বুধবার সফটওয়্যারটির বেশ কয়েকটি নিরাপত্তা ত্রুটি সংশোধনে জরুরি আপডেট প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত করা হয়। প্রকাশের আগে বছরের পর বছর ধরে এসব দুর্বলতা সফটওয়্যারটির মধ্যে রয়ে গিয়েছিল।
ত্রুটি শনাক্ত হওয়ার পর ব্যবহারকারীদের অবিলম্বে সফটওয়্যার আপডেট করার আহ্বান জানান ডেভেলপাররা।
বেলজিয়ামভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, 'সমস্যাগুলোর সমাধান প্রস্তুত হওয়ার আগেই এসব ত্রুটির বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকেই হামলার খবর পাওয়া যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'ফলে প্রতিষ্ঠানগুলো এখন এমন আক্রমণকারীদের আগেই নিজেদের সিস্টেম আপডেট করার চেষ্টা করছে, যারা এআই ব্যবহার করে এসব ত্রুটির সুযোগ নিতে পারে। মূলত এটাই এখন প্রতিযোগিতা।'
ক্লাউডভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ্যে আসার পর হ্যাকিংয়ের প্রচেষ্টা দ্রুত বেড়ে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকার যখন নিরাপত্তা আপডেট ইনস্টল এবং সতর্কতামূলকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার উদ্যোগ নিচ্ছিল, তখন হামলার চেষ্টা বাড়তে বাড়তে মিলিয়নে পৌঁছায়।
বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বলেন, 'ত্রুটির বিষয়টি প্রকাশ্যে ঘোষণার আগের ১০ ঘণ্টায় আমাদের নেটওয়ার্কজুড়ে এটি কাজে লাগিয়ে হামলার হাজার হাজার চেষ্টা শনাক্ত করা হয়েছিল।'
তিনি জানান, ত্রুটির তথ্য প্রকাশের পর মাত্র ৪৫ মিনিটের মধ্যে এ ধরনের প্রচেষ্টা বেড়ে কয়েক দশ হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে তা কয়েক লাখ ছাড়িয়ে যায়। পরে সংখ্যাটি মিলিয়নে পৌঁছেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে এ ঘটনা সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি দ্রুত সংশোধন এবং ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। বিশেষ করে, কোনো ত্রুটির তথ্য প্রকাশ্যে আসার পর আক্রমণকারীরা দ্রুত সেটি কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হচ্ছে।
পিএইচপিতে সাইবার ত্রুটি: বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধের নির্দেশ