‘আমার স্বপ্ন আপনাদের দিয়ে গেলাম’

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

লন্ডনে দীর্ঘদিন চিকিৎসার মধ্যেই ১০ দিনের জন্য দেশে ফিরেছেন চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। ১২ আগস্ট আবার লন্ডন চলে যাবেন। যাওযার আগে নিরাপদ সড়ক চাইয়ের মহাসমাবেশে অংশ নিয়ে আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন এই তারক। তার আবেগঘন বক্তব্য অনেকের মধ্যেই আবেগের সৃষ্টি করে। 

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচার ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়কের আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।’ 

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়া চান। ইলিয়াস কাঞ্চন বলেন, অসুস্থতার কারণে আগের মতো সক্রিয় থাকতে পারছেন না। সুস্থ হয়ে আবারও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার শক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। 

আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’ 

নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহবান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত