যে কথা বলে দেশ ছাড়লেন ইলিয়াস কাঞ্চন

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

কয়েকদিন নিজ জন্মভূমিতে অবস্থান করার পর আবার চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে উড়াল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে যাত্রাপথেই রয়েছেন এই তারকা। আজ বুধবার (১২ আগস্ট) সকালে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানে ওঠার আগে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর  ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। বিদায় জানাতে নায়কের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলেন তারা। 

লিটন এরশাদ বলেন, ‘সকালে তাকে বিদায় দিতে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। কাঞ্চন ভাই বারবার একটি কথাই বলছিলেন আমার জন্য দোয়া করবে। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করবে। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।’ 

১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি দেশে এসেছিলেন চলতি মাসের ৩ তারিখ। গত মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জ গেছেন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করেন। বাড়ি যাওয়ার পথে তিনি ঐতিহাসিক পাগলা মসজিদে যান। সেখানে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি সেখানে দান করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মিরাজুল মইন জয়। 

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসাতেও অবস্থান করেছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকেরা জানান, তার ব্রেন ক্যানসার হয়েছে। 

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে ওরাল থেরাপি চালিয়ে যান তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপেও আরও তিন মাস ওরাল থেরাপি নিয়েছেন। সব মিলিয়ে কয়েক ধাপে শতাধিক কেমোথেরাপি নিয়েছেন এই অভিনেতা। 

তবে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। এবার লন্ডনে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত