কোনো ধর্মাবলম্বীকে ছোট করা যাবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

দেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম পালনের ক্ষেত্রেও সবার সমান সুযোগ রয়েছে। তাই কোনো ধর্মাবলম্বীকে ছোট করে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে কচুয়া পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী নিজে পূজার ছুটি বাড়িয়ে দিয়েছেন। আমরা সবাই এই দেশের নাগরিক। যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের আইনানুগভাবে প্রতিরোধ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি কোনো রাজনীতির গুটি নয়। এজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ও কচুয়া এলাকার উন্নয়নে তিনি দিনরাত কাজ করছেন। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানে কোনো অন্যায় সহ্য করা হবে না। মাদকসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।’

মতবিনিময় সভায় কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সার্বিক সহযোগিতা করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, উপজেলা বিএনপির মুখ্য সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ফণীভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহাসহ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত