সিংগাইরে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

গ্রেপ্তার শাকিল আহমেদ উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

এদিকে শাকিল আহমেদের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা ফেসবুকে পোস্ট দিয়ে শাকিলের মুক্তি দাবি করেছেন।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী (সুমন) তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “কিছুক্ষণ আগে গ্রেপ্তার সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি Shakil Ahameed-এর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিঃশর্ত মুক্তি চাই।”

সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি সমেজ উদ্দিন তাঁর পোস্টে লেখেন, “সিংগাইর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

অন্যদিকে সিংগাইরের ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খান ফেসবুকে লেখেন, “সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি Shakil Ahammed ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে মুক্তি চাই।”

শাকিল আহমেদকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি।



সর্বশেষ সর্বাধিক পঠিত