মৌলভীবাজারে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু, আটক ১

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পিএম

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপসের মাধ্যমে আসবাবপত্রসহ ভাড়া নেওয়া একটি চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মারা গেছেন। এ ঘটনায় মৃত নারীর সাথে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার লন্ডন প্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন আরজু ভিলায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আরজু ভিলার চারতলা ভবন থেকে হঠাৎ এক নারী নিচে লাফিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় ওই বাসার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাৎক্ষণিকভাবে মৃত নারী ও সাথে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একত্রে বসবাস করে আসছিলেন। 

শুক্রবার বিকেলে চার তলা ভবন থেকে নারীর লাফিয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। 

নিহত নারীর মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। 

এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় সাথে থাকা যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়না তদন্তের প্রতিবেদন প্রাপ্তি ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত