পুরো পশ্চিম তীর অবরোধের নির্দেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ এএম

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে ইসরায়েলি সেনাবাহিনী গুলির মুখে পড়ায় অধিকৃত পশ্চিম তীরে লকডাউন বা সম্পূর্ণ অবরোধ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে এই নির্দেশ দেওয়া হয়। এর কিছু সময় আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তেলেম নামের একটি ইসরায়েলি বসতির কাছে রিজার্ভ সেনাদের একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে তারা হত্যা করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের অন্যান্য ইসরায়েলি বসতির মতো তেলেম বসতিটিও অবৈধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলা ও অবরোধের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ফিলিস্তিনি ভূখ-জুড়ে উত্তেজনা তীব্র হচ্ছে। ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলা ও সংগঠিত নিপীড়নের অভিযোগ উঠছে। আগামী মঙ্গলবারের ইসরায়েলি নির্বাচনের আগে সহিংসতা বাড়তে থাকায় জলপাই সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনাও বেড়েছে।

ইসরায়েলি বাহিনী একটি ‘বড় ধরনের হামলা’ প্রতিহত করেছে বলে দাবি করে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে জানান, তিনি নিরাপত্তা বাহিনীকে অবিলম্বে হেবরন শহর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ‘জুডিয়া ও সামারিয়া’ নামে পশ্চিম তীরকে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ থেকেই গোটা জুডিয়া ও সামারিয়াজুড়ে সম্পূর্ণ অবরোধ কার্যকরের প্রস্তুতি নিতে হবে।’

ইসরায়েলি সূত্রের দাবি, ইসরায়েলি নম্বরপ্লেট লাগানো একটি গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি হেবরনকে ঘিরে থাকা বহু সামরিক তল্লাশিচৌকির একটির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ইসরায়েলের অ্যাম্বলেন্স পরিষেবা জানিয়েছে, এই ঘটনায় অন্তত পাঁচজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলে। এর ফলে আহত সেনাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, সংঘর্ষের সময় এক ব্যক্তির হাতে একটি পিস্তল রয়েছে। পরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়, তার চারপাশে ছিলেন ইসরায়েলি সেনারা।

পরে খবর পাওয়া যায়, ইসরায়েলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এবং হেবরন শহর অবরুদ্ধ করেছে। এদিকে, নেতানিয়াহু নির্বাচনী প্রচারসংক্রান্ত একাধিক কর্মসূচি বাতিল করেন। ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এই সংঘর্ষের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের ওপর ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানান। পশ্চিম তীরে একাধিক ইসরায়েলি বসতি নির্মাণে উৎসাহ দিয়ে আসছে ইসরায়েল সরকার।

এক বিবৃতিতে বেন-গভির বলেন, ‘দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিতে হবে, নিরস্ত্র করতে হবে এবং তাদের সন্ত্রাসী অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে।’

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান : পশ্চিম তীরের রামাল্লা থেকে আলজাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম জানান, বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ক্রমাগত চাপের মধ্যে ফিলিস্তিনি ভূখ-ের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘ইসরায়েলি নির্বাচনের আগে শুধু উত্তেজনা বাড়ছে, এমন নয়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের হামলাও বেড়েছে।’ বৃহস্পতিবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। একই সময়ে জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষক ও তাদের জমির ওপর হামলাও বেড়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেনিন গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালিয়ে ১০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

হেবরন গভর্নরেটের তুকু শহরেও অভিযান চালানো হয়। ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, সেখানে সাবেক বন্দি শোরোক আল-বদনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হেবরন গভর্নরেটের অন্যান্য এলাকা থেকে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, হেবরন গভর্নরেটের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত জাওয়ায়া গ্রাম থেকে ইসরায়েলি বাহিনী আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, হেবরন গভর্নরেটের বিভিন্ন এলাকা থেকে আরও তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। নাবলুস ও জেরুজালেম গভর্নরেটেও অভিযান চালানো হয়। সেখানে বুরিন গ্রাম, আওয়ার্তা শহর এবং কালান্দিয়া শরণার্থীশিবির থেকে আরও তিনজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

হামলার প্রশংসা হামাসের : ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাস শুক্রবারের ঘটনাকে ‘বীরত্বপূর্ণ অভিযান’ হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে নিহত দুই হামলাকারীর জন্য শোক জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত