১১ প্রেক্ষাগৃহে ‘অন্যপাতা’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ এএম

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, পারিবারিক প্রত্যাশা, জীবনের নানা সংকট ও ভালোবাসার অনুভূতি নিয়ে নির্মিত সিনেমা ‘অন্যপাতা’ মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। গতকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমা; চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের বালি আর্কেড ও সুগন্ধা সিনেপ্লেক্স; কুমিল্লার কে-স্ক্রিন, বগুড়ার মম ইন সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ হলে দেখা যাচ্ছে ছবিটি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে উঠে এসেছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও প্রতিযোগিতা, পরিবারের প্রত্যাশা, নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া এবং তরুণ বয়সের ভালোবাসার অনুভূতি। তবে গল্পটি শুধু ভর্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন, দায়িত্ব ও মানসিক টানাপড়েনও এতে তুলে ধরা হয়েছে।

এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির পেছনে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী।

সিনেমাটি পরিচালনা করেছেন চুয়েটের শিক্ষার্থী মো. শাহেজাহান এ্যানি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল ও প্রত্যাশা। অন্য চরিত্রগুলোতে রয়েছেন শাইম, নোমান, অনিমেষ, একুশী ও ইমরান।

পরিচালকের ভাষ্য, ‘অন্যপাতা’ শুধু ভর্তি পরীক্ষার গল্প নয়; বরং মা-বাবা ও পরিবারের প্রতি দায়িত্বের পাশাপাশি নিজের মনের কথা ও ভালোবাসা প্রকাশের গল্পও।

সর্বশেষ সর্বাধিক পঠিত