আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। গতকাল শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
আজ (শনিবার) সকাল ৯টায় একই মাঠে উপনির্বাচন উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের সমর্থনে অনুষ্ঠিতব্য জনসভার প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলনে আব্দুল হালিম বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাধা দেওয়া হচ্ছে। অনেকের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে। এমনকি একজন নারী কর্মী বাড়ি ছাড়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের বলছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের দেখাতে হবে। এমন অবস্থায়, সাধারণ ভোটররা ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই আমরা বলতে চাই একটি উপনির্বাচনকে কেন্দ্র করে দেশকে অগ্নিগর্ভা করে তুলবেন না। আমরা ঠাকুরগাঁওকে মাগুরা দেখতে চাই না।
নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল হালিম বলেন, ঠাকুরগাঁওয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এখানে বিএনপি হারলে সরকার পতন হবে না, আবার বিরোধী দল জিতলেও মহাবিজয় অর্জন হবে না। সুতরাং, এখানে সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে এ দেশের ছাত্র-জনতার নতুন বাংলাদেশ গড়ার আকাক্সক্ষার নতুন দৃষ্টান্ত স্থাপন হবে বলে আমরা আশা করি।
সংবাদ সম্মেলনে, ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের চোখ ও মিডিয়া এখন ঠাকুরগাঁওয়ের দিকে। তারা মনে করে গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে যেসব ঘটনা ঘটেছিল, এবার তা ঘটবে না। যদিও সরকার ও স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং অফিসার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দিলে এখন পর্যন্ত তা করা হয়নি। সরকার দলের প্রার্থী ও তাদের লোকজন প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। প্রতীক বরাদ্দের আগেই তারা সারা ঠাকুরগাঁওয়ে ধানের শীষের ব্যনার, ফেস্টুন, বিলবোর্ড লাগিয়েছে। দুপুর ২টার পর থেকে প্রচার মাইক ব্যবহার করার কথা থাকলেও সকাল থেকেই তারা মাইক ব্যবহার করছে। আমাকেসহ আমাদের নেতাকর্মীদের ওপর প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচন কর্তৃপক্ষের নিকট বার বার লিখিত অভিযোগ দিচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ঠাকুরগাঁও বড় মাঠ এতদিন ব্যানারমুক্ত থাকলেও আগামীকাল (শনিবার) আমাদের সমাবেশের আগে তারা ধানের শীষের ব্যানার দিয়ে গোটা মাঠ ঢেকে দিয়েছে।
দেলাওয়ার হোসেন অভিযোগ করে আরও বলেন, বিএনপি প্রকাশ্যে ভোটারদের হুমকি দিচ্ছে, গোপনে ভোট দেওয়া যাবে না। প্রকাশ্যে ধানের শীষে সিল দিয়ে তাদেরকে দেখাতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, সাবেক দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর প্রমুখ।