মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তী সময়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে সমুদ্র ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে এবং দমকা বা ঝোড়ো হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাসের বিভিন্ন বৈশ্বিক মডেল ও বিশ্লেষণ অনুযায়ী, এই লঘুচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ এবং পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (২৬ অক্টোবরের দিকে) পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হতে পারে 'আর্নব' (ভারতের প্রস্তাবিত নাম)।
এটি প্রধানত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওডিশা উপকূলের দিকে ধাবিত হতে পারে এবং ২৮ অক্টোবরের দিকে ওই উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।