চট্টগ্রামে যুবককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

চট্টগ্রাম নগরে এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নগরের রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু গত ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নন্দীপুর এলাকার রফিজের বাড়ির রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) এবং রাউজান থানার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মাঝির ঘাটা এলাকার জালাল মুন্সীর বাড়ির মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।

পুলিশ জানায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে গাজী সারোয়ার শ্রাবণ নামে এক ব্যক্তি ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুকে ফোন করে রৌফাবাদের বাগদাদ হোটেলের সামনে ডেকে নেন। পরে শ্রাবণ ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন একটি প্রাইভেটকারে করে সেখানে আসেন। একপর্যায়ে তাঁরা জামালের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। পরে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান তাঁরা।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবন থেকে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ভুক্তভোগীর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ব-১২-১৫৮০।

সর্বশেষ সর্বাধিক পঠিত