হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাকপুর গ্রামে খালেক মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়। এতে একটি বসতঘর, আসবাবপত্র, ফ্রিজ, কাঠ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার ভোরে হঠাৎ খালেক মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত খালেক মিয়া বলেন, আগুনে তার বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এছাড়া ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। এতে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, ফজরের নামাজের সময় খালেক মিয়ার ঘরে আগুন লাগে। এতে আসবাবপত্র, ফ্রিজ, কাঠ ও নতুন বউয়ের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাঁর ধারণা, এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসান এবং জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান হাবিবুর রহমান মানিক। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে সরেজমিন গিয়ে পরিস্থিতি পরিদর্শনের অনুরোধ জানান তিনি।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, বিষয়টি তার নজরে রয়েছে। দ্রুতই উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।