শিশুদের কিডনি চিকিৎসা নিয়ে এভারকেয়ারে আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

শিশুদের অ্যাকিউট কিডনি ইনজুরি (একেআই) এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘পিডিকিডস ২০২৬’ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলন শনিবার (২৪ অক্টোবর) ও আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল পেডিয়াট্রিক নেফ্রোলজি অ্যাসোসিয়েশন (আইপিএনএ) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন) অনুমোদিত এ সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় শিশুদের অ্যাকিউট কিডনি ইনজুরি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে উৎসাহিত করা।

বাংলাদেশে শিশুদের অ্যাকিউট কিডনি ইনজুরি একটি গুরুতর স্বাস্থ্যগত জটিলতা হলেও এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। ডায়রিয়া, সেপসিস, নিউমোনিয়া, কিডনির জন্মগত ত্রুটি এবং কিডনির জন্য ক্ষতিকর ওষুধের ব্যবহারসহ বিভিন্ন কারণে শিশুদের এ সমস্যা হতে পারে। দ্রুত রোগ শনাক্ত করা না গেলে কিংবা সময়মতো চিকিৎসা না পেলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি, ক্রনিক কিডনি রোগ এমনকি মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে।

সম্মেলনে জানানো হয়, অধিকাংশ ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুর শরীরে পর্যাপ্ত পানি ও তরল সরবরাহ নিশ্চিত করা, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা, কিডনির জন্য ক্ষতিকর ওষুধ এড়িয়ে চলা এবং ঝুঁকিতে থাকা শিশুদের কিডনির কার্যক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এ ঝুঁকি অনেকটাই কমানো যায়।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট এবং সংশ্লিষ্ট চিকিৎসা পেশাজীবীরা অংশ নিচ্ছেন। এতে শিশুদের অ্যাকিউট কিডনি ইনজুরি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া দেশি-বিদেশি বিশেষজ্ঞদের বক্তব্য, মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা ও কর্মশালার আয়োজন রয়েছে। এসব অধিবেশনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সময়মতো রোগ নির্ণয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আন্তর্জাতিক বক্তাদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের প্রফেসর ইয়াপ হুই কিম, ডা. নং কার হুই ও ডা. নিও ইওক লিন, ভারতের প্রফেসর আরভিন্দ বাজ্ঞা ও প্রফেসর রাজীব সিনহা, যুক্তরাষ্ট্রের প্রফেসর রুপেশ রাইনা, নিউজিল্যান্ডের ডা. জিন কোহ এবং মালয়েশিয়ার ডা. ক্যারোলিন ইং।

সম্মেলনে চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ। কো-চেয়ারপারসন হিসেবে রয়েছেন এভারকেয়ার হসপিটাল ঢাকার পেডিয়াট্রিক নেফ্রোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাবিনা সুলতানা। আর কোর্স ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন একই বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. আজমেরী সুলতানা।

সর্বশেষ সর্বাধিক পঠিত