নিরাপত্তা অনিশ্চিত হলে চালু হবে না বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ এএম

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতার পর বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ এবং আর্থিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সাইটটি খুলতে গেলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যায়। গত বৃহস্পতিবার বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সাইটটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও সুরক্ষা জোরদারে কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে বলেন, ‘ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি চালু করা হবে না। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও আর্থিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ তিনি জানান, ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত করেছে বলে জানা গেছে। এ ধরনের দুর্বলতা কাজে লাগিয়ে ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে বৈশ্বিক সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সরকারও সতর্কতা জারি করেছে। এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠ ানের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকও নিজস্ব ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই ও সুরক্ষা জোরদার করতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত