সেনাবাহিনী নৌবাহিনীর লড়াই

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ এএম

কোকো জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ট্র্যাক ও ফিল্ডে জমে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের লড়াই। বিভিন্ন ইভেন্টে হয়েছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। তবে রিলে দৌড়ে দুই বিভাগেই সোনা জিতে নিজেদের আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল জাতীয় স্টেডিয়ামে নারীদের ১০০ মিটার হার্ডলসে ১৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বিকেএসপির তাসমিয়া হোসাইন। পুরুষদের ১১০ মিটার হার্ডলসে ১৪.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর তানভীর ফয়সাল। পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর নাজমুল হোসেন রন ৫২.০২ সেকেন্ডে প্রথম হয়েছেন। পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টে ৪৭.৫৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন সেনাবাহিনীর লুশাদ ইসলাম। নারীদের একই ইভেন্টে ৫৬.২০ সেকেন্ডে সোনা জিতেছেন সেনাবাহিনীর বর্ষা খাতুন। পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর মো. আল আমিন ও মেহেদী হাসান দুজনই ২ ঘণ্টা ৩২ মিনিট সময় নিয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। নারীদের ৫০০০ মিটার দৌড়ে ১৮ মিনিট ৮ সেকেন্ডে সোনা জিতেছেন নৌবাহিনীর রিংকি বিশ্বাস। নারীদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে ৪৬.৯৫ সেকেন্ডে প্রথম হয়েছে নৌবাহিনী। দলটিতে ছিলেন সুমাইয়া দেওয়ান, সাবিনা আক্তার, নুসরাত জাহান ও শিরিন আক্তার। পুরুষদের একই ইভেন্টে ৪১.০৯ সেকেন্ডে সোনা জিতেছে নৌবাহিনী।

সর্বশেষ সর্বাধিক পঠিত