ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর এসএম মুন্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
রবিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মজীবনে এসএম মুন্না মিয়া দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আজ বাদ জোহর রাজধানীর বনশ্রীর ৪ নম্বর রোডের ভুঁইয়াপাড়া কাঁচাবাজার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মেরাদিয়া মধ্যপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হবে।