মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব ‘পলো বাওয়া’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগানসংলগ্ন ধলাই নদের স্টিল ব্রিজের উজান থেকে এ উৎসব শুরু হয়। দুপুর থেকে চলা এ আয়োজনের স্থায়িত্ব তিন থেকে চার ঘণ্টা।
উৎসবে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবিপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দুই শতাধিক সৌখিন মাছ শিকারি অংশ নেন।
দলবদ্ধভাবে মাছ ধরার এ আয়োজন দেখতে ধলাই নদের দুই তীরে ভিড় করেন শত শত উৎসুক মানুষ। মাছ শিকারিদের উৎসাহ দিতে দর্শনার্থীরা হাততালি ও আনন্দধ্বনিতে মুখর করে রাখেন নদীর পাড়।
উৎসবে মাছ ধরার কৌশল ছিল বেশ আকর্ষণীয়। নদের এক প্রান্তে ৩০ থেকে ৪০ জনের একটি দল সারিবদ্ধভাবে জাল নিয়ে দাঁড়িয়ে থাকেন। অন্য প্রান্ত থেকে ৪০ থেকে ৫০ জনের আরেকটি দল সারিবদ্ধভাবে পলো চাপিয়ে সামনে এগিয়ে আসেন। পলোর পাশাপাশি উড়াল জাল ও প্লেইন জাল ব্যবহার করেও ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন তাঁরা।
উৎসবে অংশ নেওয়া প্রবীণ মাছ শিকারি নুর মিয়া বলেন, বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা।
তবে এ ঐতিহ্যবাহী উৎসবের জৌলুশ কমে আসায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। নুর মিয়া বলেন, সম্প্রতি নদে বিষ প্রয়োগে মাছ মরে যাওয়া এবং নদী-নালা, খাল-বিল ও হাওরের তলদেশ ভরাট হয়ে পানি কমে যাওয়ায় পলো বাওয়া উৎসব আগের মতো জমজমাট হচ্ছে না।
উৎসবে অংশ নেওয়া অন্য দুই সৌখিন মাছ শিকারি আমির উদ্দিন ও তোতা মিয়া বলেন, দলবদ্ধভাবে মাছ শিকারের মধ্য দিয়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি এখনো টিকে আছে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন নিয়মিত করা প্রয়োজন।