চুয়েটে ৩৪ দিনের শাটডাউন প্রত্যাহার: ‘ভিসি হটাও’ আন্দোলন চলবে

চুয়েটের বর্তমান সংকট নিরসন ও সার্বিক শ্রেণি কার্যক্রম চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ৬ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন পরামর্শক কমিটি আগামী বুধবার সরেজমিনে চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করবেন। 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম
টানা ৩৪ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে অবশেষে একাডেমিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
তবে সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রত্যাহার এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে তাদের যৌথ আন্দোলন অব্যাহত থাকবে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের প্রকাশিত এক খোলা চিঠি এবং দুপুরে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের অচলাবস্থায় শিক্ষাজীবন মারাত্মক ক্ষতির মুখে পড়ায় বাধ্য হয়েই তারা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। খোলা চিঠিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্লাসে ফেরার অর্থ আন্দোলন থেকে সরে দাঁড়ানো নয়। নতুন উপাচার্য চুয়েট ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
 
একই ধরনের সুর তুলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর প্রলম্বিত না করতেই এ উদ্যোগ। তবে উপাচার্য ক্যাম্পাসে এলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে পারে। খুব শিগগির বিভাগীয় সভার মাধ্যমে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে চুয়েটের বর্তমান সংকট নিরসন ও সার্বিক শ্রেণি কার্যক্রম চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ৬ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন পরামর্শক কমিটি আগামী বুধবার সরেজমিনে চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করবেন।
 
ইউজিসি সদস্য ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন জানান, কমিটির সদস্যরা চুয়েটে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করে সমস্যা সমাধানের পথ খুঁজবেন।

গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরপরই ভিসি পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 
গত ১৮ দিন আগে নতুন উপাচার্য চুয়েট ক্যাম্পাসে ঢুকলে তাকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়, যা পরে জেলা প্রশাসনের মধ্যস্থতায় মুক্ত হয়ে চিকিৎসা গ্রহণ ও অনলাইনে বিশ্ববিদ্যালয় পরিচালনায় গড়ায়।
সর্বশেষ সর্বাধিক পঠিত