জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হবে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন আখন্দ।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ-বিন-মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর এবং লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বায়েজীদ-বিন আখন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আগামী ২৭ অক্টোবর সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঁচ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হবে।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর ও সফলভাবে বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।