জাবির অধ্যাপক শামীমা সুলতানা পিএসসির সদস্য  হিসেবে নিযুক্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে এ পদে নিয়োগ দিয়েছেন। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পেশাগত ও চাকরিসংক্রান্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।

এ বিষয়ে অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করব।”

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত বিপিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত