রাজধানীর মগবাজার এলাকায় ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত শনিবার রাতে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে প্রাইভেট কার পার্কিং করে ভবনের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে অবস্থান করছিলেন আসিফ। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ে অবস্থানকালে বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর নিচে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান। এরপর বাদী অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করেন।
মামলায় বলা হয়, আসিফ আকবর ভিডিওতে দেখতে পান, মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ের স্থানে যান। ওই ব্যক্তি গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই ব্যক্তি তৎক্ষণাৎ অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।