রংপুরে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ এএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল। তিনি বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে জানান, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন মুসল্লি নামাজ ছেড়ে চোর সন্দেহে ওই ব্যক্তিদের পিছু নেন। তাদের আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয় লোকজন বিভিন্ন দিক থেকে ধাওয়া করেন।

তাদের দাবি, ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। আশপাশের লোকজন চারদিক দিয়ে ঘিরে ফেলে তাদেরকে আটক করে গণধোলাই দেয়। এ সময় উপস্থিত লোকজনের মারধরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সুরতহাল তৈরি করে মরদেহ দুটি আসে।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান সোহেল বলেন, ‘ভোরের দিকে আমার ছোট মেয়ের কান্নায় ঘুম ভেঙে যায়। পরে তাকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। এর মধ্যেই চোর অটোরিকশার ঘরের তালা কেটে ভেতরে ঢোকে পড়ে। প্রথমে আমার ঘরের দরজায় দুবার আঘাত করেছিল। তখন বিষয়টি বুঝতে পারিনি। এরই মধ্যে আমার স্ত্রী বলে, তুমি ঘুমাচ্ছ, আর আমাদের অটোরিকশা চোর নিয়ে যাচ্ছে। তখনই বিছানা থেকে লাফ দিয়ে ওঠে বারান্দা দিয়ে বের হয়ে অটোরিকশার পেছন ধরে টান দিই। তারা আমাকে নিয়েই অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি অটোরিকশা ছেড়ে চিৎকার শুরু করি। মসজিদের লোকজন বের হয়ে দেখেন, আমি মাটিতে পড়ে আছি। আমার হাঁটুর চামড়া ওঠে গেছে। এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, চোর অটোরিকশা নিয়ে উত্তর দিকে পালাচ্ছে, আপনারা আটকান। পরে শুনি, আমাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজন মারা গেছেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত