একটি ‘হানিট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গত শনিবার রাজধানীর তুরাগ নলভোগ এলাকার ‘আলিজা সিরাজ টাওয়ার’-এর একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিন পুরুষ ও দুই নারী সদস্য রয়েছেন। তারা সামাজিক মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রেমের ফাঁদে পেতে বাসা বা হোটেলে ডেকে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা হয়েছে।
গতকাল রবিবার রাজাধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূল হোতা জিত ভক্ত ওরফে আব্দুর রহমান, তার ভাগিনা প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ, ভাগিনার স্ত্রী সাবরিনা কবির প্রেমা ওরফে নেহা, সাজু ইয়াসমিন ওরফে মাহি ও সিদ্ধার্থ। তাদের কাছ থেকে ৭টি মোবাইল, বিভিন্ন ব্যাংকের ব্ল্যাংক চেক ও একটি টর্চার বেল্ট, ইলেকট্রিক শক মেশিন ও বিভিন্ন নির্যাতনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহানগর ডিবি প্রধান বলেন, চক্রের নারী সদস্যরা ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মধ্যবয়সী ও বিত্তবান পুরুষদের সঙ্গে সম্পর্কের প্রলোভন দেখাত। পরে কৌশলে ভুক্তভোগীদের নির্দিষ্ট বাসা বা হোটেলে ডেকে আনা হতো। ভুক্তভোগী সেখানে পৌঁছামাত্র চক্রের পুরুষ সদস্যরা উপস্থিত হয়ে তাকে জিম্মি করত এবং শারীরিক নির্যাতন চালাত। এরপর সঙ্গে থাকা নারী সদস্যদের সঙ্গে ভুক্তভোগীকে উলঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও তুলতে বাধ্য করত।