ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর এক দশক পূর্তির বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে চরম হেনস্তা ও বিশৃঙ্খলার শিকার হলেন দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গায়িকা শিল্পা রাও। ঘটনাটি ঘটেছে শনিবার। কনসার্টের নির্ধারিত সময়ে দেরি হওয়ার অজুহাতে পারফর্ম চলাকালেই গায়িকার মাইক হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এমনকি গান থামিয়ে ক্ষুব্ধ দর্শকদের উদ্দেশে কিছু বলতে যাওয়ার আগেই গায়িকার বক্তব্য ছেঁটে দিয়ে পরবর্তী পারফর্মারকে মঞ্চে তুলে দেওয়া হয়। আয়োজকদের এই চরম অপেশাদার মনোভাব ও অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন উপস্থিত দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ইভেন্টের নির্ধারিত সূচি পিছিয়ে যাওয়ায় শিল্পা রাও যখন মঞ্চে গান গাইছিলেন, ঠিক তখনই মাঝপথে তার গানের আওয়াজ ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চরম অগোছালো পরিস্থিতির মধ্যেও ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা দর্শকদের গায়িকা যখন ধন্যবাদ জানাতে যান, তখনো তাকে কথা বলতে দেওয়া হয়নি। অভিযোগ, শিল্পা রাও তখনো মঞ্চে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ‘কুটলে খান প্রজেক্ট’-এর কুটলে খান তার পারফরম্যান্স শুরু করে দেন। এ জাতীয় অপমানজনক আচরণ ও আলো-মাইক বন্ধ করে দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।
ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ ক্ষোভে ফেটে পড়েন কনসার্টে আসা দর্শক। একের পর এক পোস্ট করে অনুষ্ঠান পরিচালকদের তীব্র সমালোচনা করেন অনুরাগীরা। এক ক্ষুব্ধ অনুরাগী লিখেছেন, ‘শিল্পা রাওয়ের প্রতি চরম অপমান! অত্যন্ত বাজেভাবে পরিচালিত একটি ইভেন্ট।’
অন্য এক দর্শক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পুরো ভুয়া আয়োজন! আমি শুধুমাত্র শিল্পা রাওয়ের গান শুনতেই টিকিট কেটেছিলাম। প্রথমে আপনারা তাকে এমন একটি মাইক দিলেন যা কাজই করছিল না। একবার নয়, বারবার এমন ঘটল! আর তারপর আপনাদের খারাপ সময় পরিচালনার খেসারত দিতে গিয়ে মাঝপথে তার গান বন্ধ করে দিলেন, আলো আর মাইক অফ করে দিলেন! আপনাদের যদি অনুষ্ঠান আয়োজন করার যোগ্যতা না থাকে, তবে করবেন না। ১০ বছর আপনারা এত বাজেভাবে কাজ করছেন, লজ্জা হওয়া উচিত!’ আরও এক অনুরাগী লিখেছেন, ‘আয়োজক ও প্রোডাকশন টিমের এমন অপেশাদার রূপ আগে কখনো দেখিনি। কোনো শিল্পীর সঙ্গেই যেন এমন আচরণ না করা হয়।’