ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে লুলার চতুর্থ জয়, হারলেন বলসোনারো

আন্তর্জাতিক অঙ্গনেও এই ফলাফল বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ লুলা মার্কিন প্রশাসনের সাথে সম্পর্কের টানাপোড়েনের মাঝেও ব্রাজিলের সার্বভৌমত্ব এবং চীন ও গ্লোবাল সাউথের সাথে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে চলেছেন।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তীব্র মেরুকরণপূর্ণ দ্বিতীয় দফার এই নির্বাচনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র এবং সিনেটর ফাভিও বলসোনারোকে পরাজিত করেছেন। খবর সিএনএন। 

এই জয়ের ফলে ৮০ বছর বয়সী লুলা ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো নেতা হিসেবে চতুর্থবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

১৯৮৯ সালে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন পুনরায় চালুর পর এই প্রথম কোনো প্রার্থী প্রথম দফায় দ্বিতীয় স্থান অর্জনের পর চূড়ান্ত পর্বে বিজয়ী হলেন। গত ৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার ভোটে লুলা তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০ লক্ষেরও বেশি ভোটে পিছিয়ে ছিলেন, যা বলসোনারোর শিবিরকে শুরুতে দারুণ সুবিধা দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত জীবনযাত্রার ব্যয়, অর্থনীতি ও জননিরাপত্তা নিয়ে জনমতের টানাপোড়েন পেরিয়ে লুলা চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেন।

নির্বাচনের দিনটি ছিল বেশ উত্তাল। বিভিন্ন ভোটকেন্দ্রে যাতায়াতে বিঘ্ন ঘটার কারণে শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যান্য দেশে ডানপন্থী বা কেন্দ্র-ডানপন্থী সরকারগুলো জয়লাভ করলেও ব্রাজিলের এই ফলাফল অঞ্চলটিতে বামপন্থী ধারাকে টিকিয়ে রাখল।

তবে একটি রক্ষণশীল কংগ্রেস এবং অত্যন্ত বিভক্ত একটি দেশকে নিয়ে লুলার এই নতুন শাসনকাল বেশ বড় ধরনের চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনেও এই ফলাফল বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ লুলা মার্কিন প্রশাসনের সাথে সম্পর্কের টানাপোড়েনের মাঝেও ব্রাজিলের সার্বভৌমত্ব এবং চীন ও গ্লোবাল সাউথের সাথে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়ে চলেছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত