ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি (ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২)-তে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এবং কম্পাউন্ড নারী—উভয় দলগত ইভেন্টেই ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের আর্চাররা। দু’টি ইভেন্টেই স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে লড়বে শক্তিশালী কাজাখস্তান।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট মোট ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই ইভেন্টে ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি জুটি পাত্তাই দেয়নি উজবেকিস্তানকে। প্রতিপক্ষকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ দল। অন্যদিকে, স্বাগতিক ইরাককে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে কাজাখস্তান। আগামী ২৯ অক্টোবর রিকার্ভ পুরুষ বিভাগের ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
কম্পাউন্ড নারী দলগত ইভেন্ট চারটি দেশের অংশগ্রহণে সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হওয়া এই ইভেন্টেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিরা শুরু থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বজায় রেখে খেলেন। চার সেট শেষে ২৩৩-২১৯ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন তাঁরা। অপর সেমিফাইনালে কাজাখস্তান ও ইরাকের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ২১৭-২১৭ পয়েন্টে ড্র হয়। পরবর্তীতে রোমাঞ্চকর শুটঅফে ২৯-২৭ পয়েন্টে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে কাজাখস্তানি নারী দল। আগামী ২৮ অক্টোবর কম্পাউন্ড নারী দলের সোনার পদকের লড়াই অনুষ্ঠিত হবে।
দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও বাংলাদেশের মেয়েরা ভালো করছেন। কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের শেষ আটে (কোয়ার্টার ফাইনাল) নিজেদের জায়গা করে নিতে আজ লড়াইয়ে নামবেন বন্যা, কুলসুম ও শ্রীপর্ণা।