ঠাকুরগাঁও ১ উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবির ঠাকুরগাঁও সেক্টর  কমান্ডার কর্নেল সুরুজ মিয়া বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও ১ শুন্য আসনের উপনির্বাচনে তিনটি উপজেলায় বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 
 
নির্বাচন উপলক্ষে বিজিবি নিয়মিত কার্যক্রম হিসেবে সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয় ৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি।
 
এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর  কমান্ডার কর্নেল সুরুজ মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও ১ শুন্য আসনের উপনির্বাচনে তিনটি উপজেলায় বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। এতে সাড়ে চারশতাধিক বিজিবির সদস্য নিয়োজিত থাকবে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিজিবির কে ৯ ডগ ইউনিট নির্বাচন উপলক্ষে দায়িত্ব করবে।
 
এ সময় তিনি আরও বলেন, বিজিবির উদ্দেশ্য হলো, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একই সাথে সব প্রার্থী যেন লেভেল প্লেয়িং ফিল্ড পায় এবং তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খল বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন আগামী ২৯ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। আসনটিতে বিএনপি জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত