কেরানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী বৃদ্ধ নজরুল ইসলামের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর দুপুরে তারানগর ইউনিয়নের কাঠাতুলি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনায় সোমবার কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস।

অভিযুক্ত নজরুল ইসলাম এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত এবং তিনি তারানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশুটি বড়ই পাড়তে গিয়ে হঠাৎ পেটে অস্বস্তি অনুভব করায় পাশের একটি বাড়ির বাথরুমে যায়। অভিযোগ রয়েছে, শিশুটিকে অনুসরণ করে নজরুল ইসলাম গোসলখানায় ঢোকেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে ওই বাড়ির এক নারী তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। সে সময় শিশুটির পরনের পায়জামায় রক্তের দাগ দেখতে পাওয়ার কথা জানানো হয়।

স্থানীয় বাসিন্দা সাফায়েত ঢালি জানান, ঘটনাটি গোপন রাখতে ওই নারীকে টাকার প্রলোভন দেখানো হয়। শিশুটিকেও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, পরিবারের ওপর অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চাপ সৃষ্টির পাশাপাশি ৩০ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে সাফায়েত ঢালি সরাসরি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সাথে কথা বলেন। তখনো স্থানীয় কিছু মাতব্বর বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

সাফায়েত ঢালি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি কোমলমতি শিশুর সাথে এমন ঘৃণ্য অপরাধ কখনো অর্থের বিনিময়ে মীমাংসা হতে পারে না। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে পার পেতে পারে না। আমরা শিশুটির পূর্ণ নিরাপত্তা, নিরপেক্ষ তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।’

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে।

এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত