চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সায়েন্স ফ্যাকাল্টি ক্যারিয়ার সোসাইটির ২০২৬–২০২৭ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌসুমী এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী এহসানুল হক্ব লাবিব। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অঙ্কিতা চক্রবর্তী।
গতকাল রবিবার নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাফওয়ান আহমেদ (রসায়ন বিভাগ), দপ্তর সম্পাদক সুদীপ্ত সরকার তন্ময় (পরিসংখ্যান বিভাগ), প্রেস সেক্রেটারি মাহমুদা মতিন মিনা (রসায়ন বিভাগ), সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম (পদার্থবিজ্ঞান বিভাগ), কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান রনি (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ) এবং ইভেন্ট সেক্রেটারি অনন্যা দে (গণিত বিভাগ)।
২০২৬ সালের আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী মো. জালাল উদ্দীন (সামি) ও সাব্বির আহমেদের উদ্যোগে সায়েন্স ফ্যাকাল্টি ক্যারিয়ার সোসাইটির যাত্রা শুরু হয়।
বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গঠনে সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি। এর কর্মপরিকল্পনায় রয়েছে নিয়মিত সেমিনার, ওয়েবিনার ও প্রশিক্ষণ সেশনের আয়োজন, বৈজ্ঞানিক পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা ও সম্মেলন আয়োজন, গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের গবেষণা ও প্রকাশনার সুযোগ তৈরি এবং অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকাজ ও অর্জন তুলে ধরা।
এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি তুলে ধরা, মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সম্মাননা প্রদান এবং দেশ-বিদেশে কর্মরত পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন সুদৃঢ় করা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরিতেও কাজ করবে সোসাইটি। এসব উদ্যোগের পাশাপাশি আরও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। এতে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ কামরুল হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ উদ্দিন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. দিদারুল আলম চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক আবু শাহেদ মোহাম্মদ মঈনুদ্দিন, পদার্থবিজ্ঞান বিভাগের ড. আশরাফুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ।