আখতারুজ্জামানের জামিন মেলেনি দায়রা আদালতেও

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ এএম

সরকারি কাজে বাধা, হুমকি ও মারধরের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন নামঞ্জুরের পর এবার দায়রা আদালতেও জামিন মেলেনি সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের। গতকাল সোমবার আসামির জামিনের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী জামিন নামঞ্জুরের এ আদেশ দেন। এর আগে গত ৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর ধারাবাহিকতায় দায়রা আদালতে আবেদন করা হয়।

আদালতে আখতারুজ্জামানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। অ্যাডভোকেট শিশির মনির দেশ রূপান্তরকে বলেন, দায়রা আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় শিগগিরই হাইকোর্টে জামিনের আবেদন করা হবে। 

গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে  আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেব, আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?’ এ ঘটনায় মামলার পরদিন সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত