স্বাস্থ্যসেবায় জাপানি সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার

বিশ্বব্যাপী আন্তঃসংযোগের এই সময়ে স্বাস্থ্য কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ডা. জুবাইদা রহমান।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে ফাউন্ডেশনটি আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে সর্বোচ্চ নীতিগত অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি খাতের মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালুসহ পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

নিজের পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে টেকসই সামাজিক কাঠামো, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিশ্বব্যাপী আন্তঃসংযোগের এই সময়ে স্বাস্থ্য কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদান অনস্বীকার্য। সঠিক স্বাস্থ্যনীতি বাস্তবায়ন ও আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষামূলক কাজের প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার অনুরোধ জানান। স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই সেবা নিশ্চিতের প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকার ফাউন্ডেশনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সর্বশেষ সর্বাধিক পঠিত