মুন্সীগঞ্জে তিন স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, দুই নারী আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক দুই নারী হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বকুলতলা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফা আক্তার (৮), তাহমিনা (৮) ও আয়শা সিদ্দিকা (৯) নিজ বাড়িতে ফিরছিল। এ সময় দুই নারী বিভিন্ন কথা বলে তাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে জান্নাত আক্তার তাহমিনার হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং দুই নারীকে আটক করে পুলিশে দেন।

আটক জান্নাত আক্তার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের ইউনুস শেখের মেয়ে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপর আটক গুলবাহার সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম কুসুমপুর গ্রামের শেখ লাল চান মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন হাওলাদার বলেন, দুই নারী টাকার লোভ দেখিয়ে তাহমিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং এলাকাবাসীকে নিয়ে তাদের আটক করে পুলিশে দিই।

পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হোসেন বলেন, বিদ্যালয় ছুটির পর এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আগের দিন সোমবারও বিদ্যালয়ের পাশে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন। এর পরদিনই এমন ঘটনা ঘটেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি। এ ধরনের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, দুই নারী পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত