পার্বতীপুরে বজ্রনিরোধক ক্যাবল চুরি, শ্রমিকের সাজা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে দেশের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান ভবন ও মূল্যবান ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বজ্রপাত থেকে রক্ষায় ব্যবহৃত তামার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক শ্রমিককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২৫ অক্টোবর দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইন্সপেক্টর মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর প্রধান কারখানার ছাদে ও দেয়ালে রং করার সময় এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি জানতে পেরে সন্দেহভাজন হিসেবে কাজের ঠিকাদার সাজুর নিয়োজিত শ্রমিক ফেরদৌস সরকারকে (২৫) আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শহরের পুরাতন বাজারের ভাঙারি দোকানদার সুমনের দোকান থেকে ৩ পিস এবং ভবনের ছাদ থেকে আরও ২ পিস খণ্ডিত ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪৩ ফুট (৫ কেজি) এই তামার ক্যাবলের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

আরএনবি কর্মকর্তা আরও জানান, এর আগেও কয়েক দফায় কারখানার প্রধান ভবনের বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনা ঘটেছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত