আহত ছাত্রদল নেতার মৃত্যু নাটোরে এমপিপুত্র গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ এএম

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আহত শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। মামলার তদন্তে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গত সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা এলাকার নিজ বাড়ি থেকে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে শাকিল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, শাকিল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। নিহত শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে এবং গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

স্থানীয় সূত্র ও মামলার তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুই যুবক তাকে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হাসপাতালে শাকিলের মৃত্যু হয়। তার ওপর হামলার ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়। শাকিলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয় এবং তদন্তের পরিধিও বাড়ায় পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয়। শাকিলের মৃত্যু এবং এ ঘটনায় সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় গুরুদাসপুরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত