এইচএসসির ফল প্রকাশ শনিবার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ এএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিক ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল জানা যাবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি কোনো ফল পাওয়া যাবে না। এর মধ্য দিয়ে ফল প্রকাশের নির্ধারিত তারিখ নিয়ে গত কয়েক দিনের অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে।

এদিকে ফল প্রকাশের ঠিক আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে কুমিল্লায় বদলি করা নিয়েও প্রশ্ন উঠেছে। গত ২৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবেও দায়িত্ব পালন করেন।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১ শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত