কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলসহ রশিদুল ইসলাম রতন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিএসসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন (২৮) উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে, তিনি আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি করেছে পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো।
পুলিশের দাবি, রতন ও তার কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছিল। তাকে গ্রেপ্তারের আগেও একাধিকবার অভিযান চালানো হয়। তবে প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান। সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।