রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরাতন গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ বা স্থানান্তরিত না করায় শিক্ষার্থীরা পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে এর প্রবেশগেট ও বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে সমবেত হন সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা পুরাতন বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে মেলার প্রধান ফটক ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান।
আন্দোলনরত এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, মেলা সরিয়ে নেওয়ার জন্য এর আগে প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখায় তারা বাধ্য হয়ে মাঠে নেমেছেন। নিজেদের গবেষণা মাঠ ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের ভাঙচুর ও বিক্ষোভের মুখে মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, তারা মাঠ থেকে দ্রুত গেটসহ অন্যান্য স্থাপনা সরিয়ে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কোনো বিরোধে না গিয়ে তারা অতিদ্রুত বিষয়টি সমাধান করার কথা জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের এই পুরাতন গবেষণা মাঠটিতে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদেও শিক্ষক-শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছিলেন। শিক্ষার্থীদের দাবি, অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম সচল রাখতে মাঠটি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে এবং এখানে বাণিজ্যিক কোনো মেলা বা অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপন সম্পূর্ণ বন্ধ করতে হবে।