ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করাকে বড় সংস্কার হিসেবে উল্লেখ করেন তিনি।

বুধবার সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ঢাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা ও বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ পরিস্থিতি বদলাতে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, দূষণ কমানো এবং গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের সংস্কারের মূল লক্ষ্য সাধারণ ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে ভোট দেওয়ার কথা বলছি না; বরং উদ্যোগগুলো সঠিক মনে হলে সেগুলো বাস্তবায়নে সমর্থন দিন।

অনুষ্ঠানে শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সফরসঙ্গী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত