ভোলার মনপুরায় নির্বাচনী প্ল্যাকার্ড টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গেও কথা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের অভিযোগ, উপজেলা সদরের ঘটনাস্থলের সামনের একটি বিলবোর্ডে তার নির্বাচনী প্ল্যাকার্ড আগে থেকেই লাগানো ছিল। বৃহস্পতিবার তার সমর্থকেরা পুনরায় প্ল্যাকার্ড লাগাতে গেলে আব্দুল খালেক সেলিম মোল্লার ভাইয়ের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ফেসবুকের মাধ্যমে তিনি বিষয়টি দেখেছেন ও শুনেছেন। তার দাবি, এ ঘটনায় তার সমর্থকেরা হাতাহাতি ও উত্তেজনার সঙ্গে জড়িত ছিলেন না।