শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার।
আলোচনায় শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এসব ক্ষেত্রে বাংলাদেশের পরিকল্পনার বিষয়েও কানাডার প্রতিনিধিদলকে অবহিত করেন তিনি।
অন্যদিকে, কানাডার হাইকমিশনার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে কানাডার আগ্রহের কথা জানান তিনি।