নেত্রকোনায় শতবর্ষী গির্জার ঘণ্টা চুরি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে ১১৪ বছরের পুরনো রানীখং সাধুযোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরি হয়েছে। চুরি হওয়া ঘণ্টাটির মূল্য এক লাখ টাকার বেশি বলে জানিয়েছে ধর্মপল্লী কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং সাধুযোসেফের ধর্মপল্লীতে এ চুরির ঘটনা ঘটে।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি আর পাওয়া যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ঘণ্টাটির সন্ধান মেলেনি।

তিনি বলেন, ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং এর মূল্য এক লাখ টাকার বেশি। পাঁচ বছর আগে ঘণ্টাটি সংগ্রহ করা হয়েছিল। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ঘণ্টাটি উদ্ধারের দাবি জানান তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গিয়েছিলেন। প্রাথমিকভাবে এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, এত বড় একটি প্রতিষ্ঠানে সারা দিন লোকজন থাকলেও রাতে কোনো নিরাপত্তাপ্রহরী নেই। এমনকি সিসি ক্যামেরাও স্থাপন করা হয়নি। ধর্মপল্লীর নিরাপত্তার বিষয়ে প্রতিষ্ঠানের ফাদারের সঙ্গে কথা হয়েছে।

তিনি জানান, ডেপুটি স্পিকারও সেখানে লোক পাঠিয়েছেন। ধর্মপল্লীতে কয়টি সিসি ক্যামেরা স্থাপন করা যায়, তা যাচাই করে দেখতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত