সাহিত্যবিশ্ব

তিনশ বছরে গালিভারের কাল্পনিক ভ্রমণ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২৮ এএম

বিশ্বসাহিত্যের অন্যতম প্রভাবশালী ব্যঙ্গাত্মক উপন্যাস গালিভারস ট্রাভেলস প্রকাশের তিনশ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। ১৭২৬ সালের ২৮ অক্টোবর লন্ডনে বেনজামিন মোটের প্রকাশনায় বেনামে প্রকাশিত হয়েছিল আইরিশ লেখক জোনাথন সুইফটের এই উপন্যাস। তিন শতাব্দী পেরিয়েও বইটি প্রকাশনা থেকে হারিয়ে যায়নি। নানা ভাষায় অনূদিত হয়েছে, পেয়েছে অসংখ্য সংস্করণ ও রূপান্তর।

এ উপলক্ষে ডাবলিনের ট্রিনিটি কলেজের পুরনো গ্রন্থাগারের লংরুমে ৭ জুলাই শুরু হয়েছে ‘গালিভার অ্যাট ৩০০’ শীর্ষক প্রদর্শনী। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এতে স্থান পেয়েছে উপন্যাসটির শতাধিক সংস্করণ, চিত্রায়ণ, পপ-আপ বই ও কমিকস। প্রদর্শনীর উল্লেখযোগ্য নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ১৭৬১ সালে ডাবলিনে প্রকাশিত বইটির একটি সংক্ষিপ্ত সংস্করণের, জানামতে একমাত্র টিকে থাকা কপি।

সুইফটের উপন্যাসে লেমুয়েল গালিভারের কাল্পনিক ভ্রমণের মধ্য দিয়ে রাজনীতি, ক্ষমতার দম্ভ, দুর্নীতি ও মানুষের স্বভাবকে ব্যঙ্গ করা হয়েছে। লিলিপুটের ক্ষুদ্র অধিবাসীদের তুচ্ছ বিরোধ থেকে শুরু করে ব্রবডিংনাগের দৈত্যাকার মানুষদের সমাজ—প্রতিটি পর্বেই উঠে এসেছে মানবজীবনের নানা অসংগতি।

আয়োজনের অন্যতম আকর্ষণ ২৮ অক্টোবর ট্রিনিটি কলেজে অনুষ্ঠিত আলোচনা, যেখানে ব্যঙ্গসাহিত্য, ক্ষমতা ও গণতন্ত্রের সম্পর্ক নিয়ে কথা বলেছেন গবেষকরা। সমকালীন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও সুইফটের মানুষের যুক্তিবোধ ও অগ্রগতির অহংকারবিষয়ক ব্যঙ্গ নতুন তাৎপর্য পাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত