মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর এলাকায় ২৫ থেকে ৩০টি পোশাক কারখানার শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করেন। এর ফলে গুরুত্বপূর্ণ ওই চত্বর ও এর আশপাশের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে মিরপুর-১২ থেকে মিরপুর-১০ ও কালশীমুখী সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ জানান, মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারী শ্রমিকরা সুনির্দিষ্ট কোন কোন কারখানার, তা নিশ্চিত করা যায়নি। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে পরে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় আরেক দল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করে। পরে তাদের বুঝিয়ে রাস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।