সেন্টমার্টিনে অনুমতি পায়নি কোনো জাহাজ লোকসানের শঙ্কা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন উন্মুক্ত করার সরকারি ঘোষণা থাকলেও কোনো পর্যটকবাহী জাহাজ এখনো চূড়ান্ত চলাচলের প্রশাসনিক অনুমতি পায়নি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে ১ নভেম্বর প্রথম দিনেই জাহাজ চলাচল শুরু হওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার টেকনাফ রুট পুরোপুরি বন্ধ থাকবে এবং শুধু কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে অনুমোদিত জাহাজগুলো চলাচল করবে। তবে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তর এককভাবে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়ার সুযোগ নেই। ফলে জাহাজ মালিক ও পর্যটন ব্যবসায়ীদের প্রস্তুতি সত্ত্বেও চূড়ান্ত অনুমোদন না আসায় এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পর্যটন মৌসুম শুরুর সরকারি ইঙ্গিত পেয়ে আমাদের প্রায় ১০টি জাহাজ পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত সরকারি অনুমোদন আমাদের হাতে আসেনি। মৌসুমের প্রথম দিন থেকেই জাহাজ চালু করতে না পারলে আমরা বড় ধরনের ধাক্কা খাব। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এমএ আবদুর রহিম জিহাদী জানান, দ্বীপে প্রায় ২০০ আবাসিক  হোটেল ও রিসোর্ট রয়েছে, যেগুলো প্রায় ৯ মাস ধরে সম্পূর্ণ বন্ধ। সরকার রাতযাপনের অনুমতি দেওয়ায় আমরা স্বস্তিতে আছি। তবে ১ নভেম্বর থেকে যদি জাহাজ চলাচল নিয়মিত না হয়, তবে বুকিং বাতিল হবে এবং আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়ব।

সর্বশেষ সর্বাধিক পঠিত