শীতের সবজিতে স্বস্তি, মাছের বাজার চড়া

সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম আগের সপ্তাহের তুলনায় কম। 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম

বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশির ভাগ সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো শীতকালীন সবজি মিলছে তুলনামূলক কম দামে।

তবে মাছের বাজারে দেখা গেছে উল্টো চিত্র। সরবরাহ কম থাকায় রুই, পাঙাশ ও কৈ মাছের দাম বেড়েছে। অন্যদিকে, লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমলেও অপরিবর্তিত রয়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। ডিমের দামেও কোনো পরিবর্তন নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং পেঁপে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পটল ৪০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২৫ টাকা এবং শিম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম আগের সপ্তাহের তুলনায় কম। 

সবজি বিক্রেতা শাহবুদ্দিন বলেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এ কারণে ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ বেশ কিছু সবজির দাম কমেছে।

সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহের তুলনায় এবার বেশ কিছু সবজির দাম কমেছে। বিশেষ করে শীতকালীন সবজি কম দামে পাওয়া যাচ্ছে। তবে বাজারে সব পণ্যের দাম আরও কমলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হবে।

মাছের বাজারে অবশ্য দাম বেড়েছে কয়েক ধরনের মাছের। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেশি। কাতলা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা এবং তেলাপিয়া ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙাশ মাছের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকা এবং কৈ মাছের দাম ২০ টাকা বেড়ে ২২০ টাকায় দাঁড়িয়েছে।

মাছ বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ কম থাকায় কয়েক ধরনের মাছের দাম বেড়েছে। বিশেষ করে রুই, পাঙাশ ও কৈ মাছের দাম আগের তুলনায় বেশি।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা এবং সোনালী মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এ দুই ধরনের মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ৩৩০ টাকায় নেমেছে।

অন্যদিকে, ডিমের বাজারে দামের কোনো পরিবর্তন নেই। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে দুই ধরনের ডিম।

সর্বশেষ সর্বাধিক পঠিত