জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব

উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে অংশীদারত্ব সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
 
অর্থমন্ত্রণালয় জানিয়েছে, এ লক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়টি বৈঠকে সর্বোচ্চ প্রাধান্য পায়।
 
উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে অংশীদারত্ব সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
 
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘকাল ধরে কাজ করে আসছে। দেশটির আর্থিক ও কারিগরি সহায়তায় অতীতে বাংলাদেশে বেশ কিছু বড় মাপের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বর্তমানেও দেশটির সহযোগিতায় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত