বাবার অটোভ্যান চালিয়ে মাকে সঙ্গে নিয়ে দাদাবাড়িতে জিয়াফত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী বায়েজিদ শেখ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাকে নিয়ে বাবার অটোভ্যান চালিয়ে দাদপুর গ্রামে দাদাবাড়িতে যাচ্ছিল বায়েজিদ। পথে গণি খাঁর মোড়ে দ্রুতগতির কারণে অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বায়েজিদ ছিটকে গাছের ওপর পড়ে গুরুতর আহত হয়। তার মা বাতাসী বেগম ছিটকে পাশের ধানখেতে পড়ে যান।
পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন।
বায়েজিদের খালাতো ভাই মোজাহিদ মোল্যা জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ার পর ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু হয়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।