গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্টের উদ্বোধন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন-২-এর উদ্বোধন হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে গুলশান ইয়ুথ ক্লাবের কৃত্রিম ফুটবল টার্ফে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী আয়োজনে দেশের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধি, সদস্য, ক্রীড়াবিদ, অতিথি ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘উল্লাস ২০২৬’-এর আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি বলেন, তরুণদের সম্পৃক্ততা, নেতৃত্বের বিকাশ, দলগত সহযোগিতা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ আয়োজন সফল করতে অংশগ্রহণকারী ক্লাব, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, সদস্য, অতিথি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

মেহেদী হাসান জানান, ৭ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এ উৎসব। এবারের আসরে ১৩টি ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্ট থাকছে। এগুলো হলো—১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, সাতজনের ফুটবল, গলফ, আট বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্মরেসলিং।

আয়োজকেরা জানান, এবারের উৎসবে ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে প্রায় ১ হাজার ২০০-এর বেশি ক্রীড়াবিদ ও প্রতিযোগী অংশ নেবেন।

অনুষ্ঠানে ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম বক্তব্য দেন। তিনি খেলাধুলার প্রসার, ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলা, প্রতিভা বিকাশ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগে ওরিয়ন ফার্মা লিমিটেডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত